logo
Advertisement

নিখোঁজের এক দিন পর বুড়িগঙ্গায় মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
নিখোঁজের এক দিন পর বুড়িগঙ্গায় মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ
ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ডিক্রিরচর ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে রমজান আলী (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

সোমবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয়রা নদীতে ভাসমান মরদেহ দেখে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

মৃত রমজান আলী নারায়ণগঞ্জের মধ্য নরসিংপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রোববার (২ আগস্ট) সকালে প্রতিবেশী ফাহিম নামে এক কিশোরের সঙ্গে ফুটবল খেলতে বাড়ি থেকে বের হয় রমজান। খেলা শেষে তারা বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে ফাহিমসহ অন্যরা বাড়ি ফিরে এলেও রমজান আর ফেরেনি।

ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকায় মাইকিংও করা হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সোমবার দুপুরে ডিক্রিরচর ঘাট এলাকায় নদী থেকে একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজনরা। সেখানে গিয়ে রমজানের বাবা শহিদুল ইসলাম মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।

মৃতের বাবা বলেন, রোববার সকালে ফাহিমের সঙ্গে ফুটবল খেলতে বের হয়েছিল আমার ছেলে। পরে তারা নদীতে গোসল করতে যায়। ফাহিমসহ অন্যরা বাড়ি ফিরে এলেও রমজান আর ফেরেনি। গতকাল থেকে অনেক খোঁজাখুঁজি করেছি, মাইকিংও করেছি। আজ দুপুরে খবর পেয়ে এসে দেখি, আমার ছেলে আর বেঁচে নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ঘটনাটি নদীতে হওয়ায় এ বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

নৌ পুলিশের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, উদ্ধার হওয়া মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাত বা সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই তরুণ গতকাল গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করেছেন। তাই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।