logo

রাতের আগুনে পুড়ল ৬ দোকান, কোটি টাকার ক্ষতির দাবি

রাতের আগুনে পুড়ল ৬ দোকান, কোটি টাকার ক্ষতির দাবি
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনে একটি দোতলা ফার্নিচারের দোকানসহ তিনটি ফার্মেসি ও তিনটি খালি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে রুহুল আমিনের দোতলা ফার্নিচারের দোকান, ধীরেন চন্দ্র দাসের ফার্মেসি, অরুন ডাক্তারের ফার্মেসি এবং রবীন্দ্র চন্দ্র দাস, অসীম রায় ও বংশী চন্দ্র দাসের খালি দোকান পুড়ে যায়।

দোকান মালিক রুহুল আমিনের দাবি, তার দোকানে থাকা নগদ ১ লাখ ৬২ হাজার টাকা, প্রায় ২০ লাখ টাকার যন্ত্রাংশ এবং প্রায় ৭২ লাখ টাকার কাঠ ও ফার্নিচারসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এছাড়া অপর তিন দোকানে আনুমানিক আরও ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে সংশ্লিষ্ট দোকান মালিকরা জানিয়েছেন।

খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. কফিল উদ্দিন বলেন, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।