logo

মধ্যপ্রাচ্যে সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: এশিয়া পোস্ট

মধ্যপ্রাচ্যের চলমান সংকট কাটলে দেশের বাজারে জ্বালানি দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে, দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেলে আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি পরিবহন ও বীমা ব্যয় বেড়েছে। এসব কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে আমরা আশা করছি। সংকট কেটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল বা কমে এলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের চেষ্টা করবে সরকার।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, বিজিবি-৬-এর পরিচালক নাজমুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।