Advertisement

মেহেরপুরের সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর
মেহেরপুরের সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা
ছবি: এশিয়া পোস্ট

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে আবারও ১০ জনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে শেষ পর্যন্ত তাদের নিয়ে ফিরে যায় বিএসএফ। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২-এর ৫এস ও ৬এস-এর মধ্যবর্তী শেওড়াতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনক পরিস্থিতি দেখে বিষয়টি তারা বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেন এবং বিএসএফের এমন উদ্যোগের প্রতিবাদ জানান। একই সময়ে স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে পুশইনের বিরুদ্ধে অবস্থান নেন। বিজিবির কড়া অবস্থান ও স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিয়ে পিছু হটে। বর্তমানে তারা ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী নোম্যান্সল্যান্ডে অবস্থান করছেন।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এশিয়া পোস্টকে বলেন, গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এ বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

বিষয় :মেহেরপুর