সাভারে পুলিশ ক্যাম্প থেকে আসামি উধাও, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

এশিয়া পোস্ট নিউজ, সাভার
সাভারে পুলিশ ক্যাম্প থেকে আসামি উধাও, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে ভাকুর্তা পুলিশ ফাঁড়ি থেকে ছাত্র হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দায়িত্ব অবহেলার দায়ে দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

সোমবার (২২ জুন) রাতে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম, এএসআই খায়রুল আলম এবং কনস্টেবল তোফায়েল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি এবং ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়। তবে ওই দিন দুপুরে ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নাটকীয়ভাবে দৌড়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান আসামি আশাব উদ্দিন।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :সাভার