মা রান্নায় ব্যস্ত, খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে জুনায়েত (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার পালের চর ইউনিয়নের সরদার কান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েত ওই এলাকার রানা রাড়ীর ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশুটির মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সময় জুনায়েত বাড়ির পাশে উঠানে খেলাধুলা করছিল। কিছুদিন আগে তাদের বাড়ির পাশের একটি জায়গা থেকে মাটি কাটার কারণে সেখানে বড় একটি গর্তের সৃষ্টি হয়। সাম্প্রতিক বৃষ্টিতে সেই গর্তে পানি জমে ছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশু জুনায়েত ওই গর্তের পানিতে পড়ে তলিয়ে যায়।
পরে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে ভাসমান অবস্থায় জুনায়েতকে দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শাহ আলম রাড়ী বলেন, আমাদের বাড়ির পাশে মাটি কাটার কারণে একটি গর্ত তৈরি হয়েছিল। বৃষ্টির পানিতে সেটি ভরে যায়। আমার ভাতিজা খেলতে গিয়ে অসাবধানতাবশত সেখানে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা পরীক্ষা করে তার কোনো হার্টবিট পাইনি।





