রাতে পথসভায় মাইক ব্যবহার, সারজিসের প্রতিনিধিকে জরিমানা

পঞ্চগড়-১ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলমের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়ায় উপজেলার বুড়াবুড়ি বাজারে নির্বাচনি পথসভায় এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন তারা। এ সময় পুলিশের একটি দল, ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনি পথসভা চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচন আচরণবিধির ১৭-এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আগামীতে নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইকের ব্যবহার করতে সতর্ক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বলেন, আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে। বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে আচরণবিধি সম্পর্কে অবগত থাকতে সতর্ক করা হয়েছে।