চট্টগ্রামে দোকানে ঢুকে পড়ল বাস, নিহত ২

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাকে চাপা দেয় বাসটি। এ ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)। আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে টানেল মোড়ে যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসটির ধাক্কায় দোকানের সামনে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়। এতে দোকানের ভেতরে ও বাইরে থাকা অনেকে আহত হন।
আহত কোহিনুর আক্তার বলেন, আমি দোকানে বসে চা-নাশতা খাচ্ছিলাম। হঠাৎ একটি বাস দোকানের ভেতরে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় কয়েকটি সিএনজিও দোকানের ভেতরে চলে আসে। আমি মাথা ও পেটে আঘাত পেয়েছি।
আরেক আহত পোশাকশ্রমিক দিদারুল আলম (৩৫) বলেন, কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে জোরে ধাক্কা দেয়। মুহূর্তেই চারদিকে চিৎকার আর বিশৃঙ্খলা শুরু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে আহত ব্যক্তিদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার কাজ চলছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস এবং ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে।
.png)






