Advertisement

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের দুই সদস্য গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ক্যাসিনো চক্রের দুই সদস্য গ্রেপ্তার। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট ও বিভিন্ন অ্যাপসংবলিত দুটি অ্যানড্রয়েড ফোন জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন—গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দুলালের ভিটা গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ (৩২) এবং একই গ্রামের মৃত শফিউল ইসলামের ছেলে মো. সাগির আলম (৩১)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী দুলালের ভিটা এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।

জব্দ করা মোবাইল ফোন দুটি পরীক্ষা-নিরীক্ষা করে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট এবং জুয়া পরিচালনার বিভিন্ন অ্যাপসের অস্তিত্ব পাওয়া যায়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় জুয়া প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজন এলাকায় অনলাইন ক্যাসিনো চক্রের সক্রিয় সদস্য এবং স্থানীয়ভাবে 'অনলাইন ক্যাসিনোর সম্রাট' নামে পরিচিত।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। সমাজে এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।