logo

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ-বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ-বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির ৬০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এর মধ্যে একজন আওয়ামী লীগ ও বাকিরা বিএনপির নেতাকর্মী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদিকুল ইসলাম ও নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি থেকে আসা নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় ড. কেরামত আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের রাজনীতি, সৎ নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে আরও নেতাকর্মীর যোগদানের আশা প্রকাশ করেন তিনি।

নবাগত নেতাকর্মীরা বলেন, অন্যান্য রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির রাজনীতিতে জড়িয়ে পড়ায় ক্ষমতায় গেলে দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুস্পষ্ট অঙ্গীকার থাকায় তারা জামায়াতে যোগ দিয়েছেন।