logo

বান্দরবানে পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ ইয়াবা উদ্ধার

বান্দরবানে পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ ইয়াবা উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উদ্ধার করা ৩০ হাজার পিস ইয়াবা ও অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন বাড়ির বাসিন্দা বুবু মার্মা (৩৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুবু মার্মার বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরের ভেতরে থাকা একটি ছোট গোপন কক্ষ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বুবু মার্মা দৌড়ে পালিয়ে যান। তিনি ওই এলাকার মৃত প্রু অং মার্মার ছেলে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।