logo

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
মো. নওশেদ আলম। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নওশেদ আলমকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩ নভেম্বর বিকেল ৩টার দিকে ডিবি পুলিশ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নওশেদ আলমকে গ্রেপ্তার করে। অভিযানকালে তার কাছ থেকে একটি এলজি (অস্ত্র), চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। পরে তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন বহন করবে না। সংগঠন পরিপন্থি বা অপরাধমূলক কাজে কেউ জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।