প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গন্ধমুক্ত হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক: মীর শাহে আলম

এশিয়া পোস্ট নিউজ, সাভার
প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গন্ধমুক্ত হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক: মীর শাহে আলম
পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়ক দুর্গন্ধমুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে স্তূপীকৃত ময়লা-আবর্জনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, সাভারবাসীকে এই দীর্ঘস্থায়ী ময়লা ও তীব্র দুর্গন্ধের হাত থেকে রেহাই দিতে সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। ১ দশমিক ৮ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই ময়লার ভাগাড় পরিষ্কারের পর সেখানে ১৫ ফুট বালু দিয়ে ভরাট করা হবে। এরপর নেটিং ও ব্যারিকেড তৈরি করে সেখানে নিমগাছের চারা রোপণ করা হবে।

তিনি সতর্ক করে বলেন, মহাসড়কে নতুন করে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাভার পৌরসভার পক্ষ থেকে মহাসড়কের ঠিক উল্টো দিকে ময়লা ফেলার জন্য একটি সুনির্দিষ্ট ল্যান্ডফিল বা ভাগাড় তৈরি করা হচ্ছে, যাতে স্থানীয় ইউনিয়নগুলোর ময়লা সেখানে ফেলা যায়।

প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, তিনি নিজে বগুড়ার মানুষ হওয়ায় বিগত ৩০ বছর ধরে যাতায়াতের সময় এই দুর্গন্ধ সহ্য করেছেন। বর্তমান গণতান্ত্রিক সরকার এই জনদুর্ভোগ লাঘবে বদ্ধপরিকর। দেশবাসীকে একটি সুন্দর ও বসবাসযোগ্য পরিবেশ উপহার দিতে প্রশাসন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে, প্রতিমন্ত্রী সাভারের আলমনগর এলাকায় আমিনবাজার রাজস্ব সার্কেল (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিষয় :সাভার