logo

নিরাপত্তাকর্মীকে গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি, গ্রেপ্তার ১

নিরাপত্তাকর্মীকে গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি, গ্রেপ্তার ১
গ্রেপ্তার আরিফুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় এক নিরাপত্তাকর্মীকে মারধর ও গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম আরিফ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আরিফুল ইসলাম আরিফ নগরীতে রোগী ধরার ‘দালাল’ হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তিনি হ্যান্ডমাইকে সেবাপ্রত্যাশীদের সতর্ক করছিলেন। মূলত দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছিলেন তিনি।

এ সময় আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন এসে মাইকে বক্তব্য দেওয়া বন্ধ করতে বলেন। সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম মেনে দায়িত্ব পালন করছেন জানালে অভিযুক্তরা তাকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।

অভিযোগে আরও বলা হয়, উপস্থিত অন্যদের উসকানিতে আরিফুল দৌড়ে ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনের পেছনে যান। সেখান থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র এনে সাব্বিরের গলায় ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেন তিনি।

পরবর্তী সময়ে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে আরিফুলকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিসি) গাজিউর রহমান জানান, ভুক্তভোগী সাব্বির হোসেন বৃহস্পতিবার রাজপাড়া থানায় একটি মামলা করেন। মামলার পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।