প্রেমিককে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

নরসিংদীর রায়পুরায় প্রেমঘটিত বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থী ওয়ালিদ হাসানকে (১৮) হত্যার পর লাশ গুমের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিকা প্রাণা আক্তার (১৬), তার মা ফরিদা বেগম (৩২), ছোট বোন মিন্নি আক্তারসহ (১৪) আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় প্রাণার বাড়ির উঠান থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ওয়ালিদের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সকালে অভিযুক্তদের আটক করা হয়।
নিহত ওয়ালিদ রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়ার আব্দুল হাইয়ের ছেলে। চলতি বছর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর ওয়ালিদ মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিবেশী প্রাণা আক্তারের সঙ্গে ওয়ালিদের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি এক প্রবাসীর সঙ্গে প্রাণার বিয়ে হওয়ায় দুই পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার রাত থেকে ওয়ালিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের তৃতীয় দিনে ওয়ালিদের ছোট ভাই রোমানসহ কয়েকজন আত্মীয় সন্দেহের ভিত্তিতে প্রাণাদের বাড়ির আশপাশে নজরদারি করেন। তাদের দাবি, শনিবার রাতে বাড়ির পেছনের দিকে কাপড়ে মোড়ানো একটি বস্তু বাইরে নেওয়ার চেষ্টা করতে দেখেন তারা। কাছে গেলে অভিযুক্তরা সেটি ফেলে পালিয়ে যায়। পরে কাপড় খুলে ওয়ালিদের মরদেহ শনাক্ত করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। রোববার দুপুরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায়। প্রাথমিক সুরতহালে নিহতের গলায় কালচে দাগ পাওয়া গেছে জানিয়েছে পুলিশ। এদিকে পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, প্রেমিকার বাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।







