logo

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাগেরহাটের চারটি আসনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, ভোটাররা দীর্ঘ লাইনে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। সবার মধ্যে বিরাজ করছে এক আনন্দঘন পরিবেশ। ভোট দিয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। 

অনেক ভোটার জানান, দীর্ঘদিন পর স্বচ্ছ ও স্বাভাবিক পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত। তারা আশা করছেন, এ ধারা অব্যাহত থাকলে ভোটগ্রহণ ভালো পরিবেশেই সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৯টি উপজেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৪৭টি।

বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, এর মধ্যে তিনজন সশস্ত্র রয়েছেন। এ ছাড়া চারটি আসনে মোট ৭৫টি মোবাইল পেট্রোলিং টিম দায়িত্ব পালন করছে। রয়েছে ৯টি স্ট্রাইকিং ফোর্স। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আরও ১২টি স্ট্রাইকিং ফোর্স।

 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জেলার ৯টি উপজেলায় ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির দায়িত্বে রয়েছেন যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার চার কর্মকর্তা। 

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাব প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।