logo

নারী-পুরুষের অংশগ্রহণে শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি: প্রতিমন্ত্রী ফরহাদ

নারী-পুরুষের অংশগ্রহণে শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড় কালেক্টরেট চত্বরে ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : এশিয়া পোস্ট

সমবায়ের মাধ্যমে মানুষকে আত্মনির্ভরশীল করার পাশাপাশি বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, শুধু পণ্য বিপণন নয়, উৎপাদনসহ বিভিন্ন খাতে সমবায় সমিতি গড়ে তুলে দলবদ্ধভাবে কাজ করতে হবে। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় আনা গেলে গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। পুরুষদের পাশাপাশি নারীদেরও সমবায়ের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বিভিন্ন খাতে সমবায় সমিতি গড়ে তুলে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।

এর আগে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। মেলায় বিভিন্ন সমবায় সমিতির ১২টি স্টল অংশ নেয়। দিবসটি উপলক্ষে পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমবায় সমিতির সদস্যরা।

এদিকে, এর আগে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। জেলার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনায় খুন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কমে আসায় সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ জানান প্রতিমন্ত্রী। এ সংকট মোকাবিলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা-সমাবেশ আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পরিবার ও সমাজের প্রতি আহ্বান জানান।