ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে কওমি ঘরানার সাত দলের বৈঠক চলছে

ঐক্যের খসড়া চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজত ইসলামের সঙ্গে কওমি ঘরানার সাত দলের বৈঠক চলছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
হেফাজতে ইসলাম সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সকাল ৯টার দিকে বাবুনগর মাদ্রাসায় সাতদলের প্রতিনিধিরা আসতে শুরু করেন। সকাল ১০টায় উপকমিটির সদস্যদের নিয়ে একটা খসড়া বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় সাত দলের সঙ্গে বৈঠক শুরু হয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে।
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই বৈঠক আহ্বান করেন হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের পক্ষ থেকে পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
হেফাজতে ইসলামের পক্ষে বৈঠকে উপস্থিত আছেন সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতি জসীমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরী ও যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত রয়েছেন।
এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।
