আসামির খাতায় নাম উঠল মারা যাওয়া দুই আ.লীগ নেতার

যশোরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই মৃত নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে। এজাহারে থাকা তথ্য অনুযায়ী, তাদের একজন মারা গেছেন চার বছর আগে এবং অন্যজন ১২ বছর আগে। এ ঘটনায় মামলার আসামির তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত রোববার (৩০ আগস্ট) যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫৬ নম্বর আসামি করা হয়েছে উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ড. তবিবর রহমানকে। তবে তবিবর রহমান ২০২২ সালের ১৬ এপ্রিল মারা যান। এ ছাড়া মামলার ৭৭ নম্বর আসামি করা হয়েছে ১০ নম্বর চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনসার আলীকে। তিনিও ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর মারা যান।
এজাহারে বলা হয়েছে, গত ২৮ আগস্ট যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় সড়কে সরকারবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জাতীয় শোক দিবস’ লেখা একটি ব্যানার ফেলে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এজাহারে আসামিদের বাবার নাম উল্লেখ না থাকায় একই নামে অন্য কেউ থাকতে পারেন। তবে কোনো মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হয়ে থাকলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



