জঙ্গলে লুকানো ছিল ছয়টি পিস্তল-গুলি-ম্যাগাজিন, উদ্ধার করল বিজিবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ঘেঁষা ঘন জঙ্গলের মাটির নিচে লুকানো ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, বিজিবি সীমান্ত পিলার ১৯৭৮ থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম এলাকায় অভিযান চালায়। মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব পিস্তল, গুলি ও ম্যাগাজিন পাওয়া যায়।
প্রাথমিকভাবে বিজিবির ধারণা, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদগুলো দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল।
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
৫৫-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।



