জানালার গ্রিলে যুক্তরাষ্ট্র প্রবাসীর ঝুলন্ত মরদেহ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বাড়ির জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার কোষাকান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজুল ইসলাম ওই গ্রামের বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে সিরাজুল ইসলাম নিজ ঘরে ঘুমাতে যান। শুক্রবার সকালে স্বজনেরা তাকে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, সিরাজুল ইসলাম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
