বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন শ্রমিক আহত হয়েছেন।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকার পল্লী মঙ্গল সমিতির ডোবা জমিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যার পর হিমাগারটির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ছাদটি ধসে পড়ে। এতে চারজন শ্রমিক গুরুতর আহত হলেও, তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে আমিনুল ইসলাম কাঁচা ঢালাই ও রডের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে ছাদের ভাঙা অংশ ও ভীম সরিয়ে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি কর্তৃপক্ষের অবহেলার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




