চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও ১২ কেজি গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নাশকতার উদ্দেশ্যে জমা রাখা ৯২টি ককটেল ও প্রায় ১২ কেজি গান পাউডার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে এ অভিযান চালানো হয়। এসআরবি-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এবং রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিট যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৫ মিনিটে ওই আমবাগানে তল্লাশি চালিয়ে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ পাউডার, ২টি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে অভিযানকালে ঘটনাস্থল বা এর আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি। এসআরবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরক সেখানে জমা করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
