logo
Advertisement

অনৈতিক ভিডিও ভাইরালের পর প্রাথমিকের দুই শিক্ষক বরখাস্ত

এশিয়া পোস্ট নিউজ,নোয়াখালী
অনৈতিক ভিডিও ভাইরালের পর প্রাথমিকের দুই শিক্ষক বরখাস্ত
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

বিদ্যালয়ের অফিসকক্ষে অশালীন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন—বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বি এম সাইফুল ইসলাম এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার।

বরখাস্তের সরকারি আদেশে জানানো হয়, অভিযুক্তদের অনৈতিক আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তারা খোরপোশ ভাতা পাবেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালেই ওই দুই শিক্ষকের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হলে শিক্ষা কার্যালয় থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তদন্তের পর তাঁদের নিজ কর্মস্থল থেকে সরিয়ে দূরবর্তী আলাদা দুটি বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু ২০২৬ সালের আগস্টের শেষের দিকে তাদের পূর্বের একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি মূলত গত বছরের ডিসেম্বরে বিদ্যালয় চলাকালে অফিসকক্ষে ধারণ করা হয়েছিল।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভিডিও ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আইন অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি বিভাগীয় মামলা করা হয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।