logo

চাপাতি দেখিয়ে বিকাশ কর্মীর ৫ লাখ টাকা ছিনতাই

চাপাতি দেখিয়ে বিকাশ কর্মীর ৫ লাখ টাকা ছিনতাই
কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার। ছবি : এশিয়া পোস্ট

বাগেরহাটের কচুয়ায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র ও চাপাতির ভয় দেখিয়ে বিকাশের এক কর্মীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বাচ্চু শেখ (৩৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ‘জাবেদ এন্টারপ্রাইজ’-এর ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত। বিভিন্ন দোকানে নগদ টাকা ও ই-মানি সরবরাহের দায়িত্ব পালন করেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রোববার দুপুরে সাইনবোর্ড বাজারে লেনদেন শেষে রাস্তা পার হচ্ছিলেন বাচ্চু শেখ। এ সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে তার পথরোধ করে। তারা তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাচ্চু ব্যাগটি ধরে রেখে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও চাপাতি বের করে তাকে ভয় দেখায়। একপর্যায়ে তাকে কোপানোর চেষ্টা করে এবং আশপাশের লোকজনকে ভয়ভীতি দেখায়।

ধস্তাধস্তির একপর্যায়ে বাচ্চু রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা আনুমানিক পাঁচ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তারা বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যায়।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির বলেন, তাদের প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছ থেকে দুর্বৃত্তরা আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এর আগেও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, বিকাশের এক কর্মকর্তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

গত দুই মাসে চিতলমারীসহ বাগেরহাটের বিভিন্ন উপজেলায় এ ধরনের ১০টির বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৮ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার পুরাতন মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে এবং গত ৩ সেপ্টেম্বর সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় আরেক বিকাশকর্মীর কাছ থেকে দেশীয় অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট