logo

কক্সবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কক্সবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে ছুরিকাঘাতে মোস্তফা কামাল (২৬) নামে এক চিংড়িঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ঘের শ্রমিক সোলাইমান ও তার বাবা শাহানুরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের সাদাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

মোস্তাফা কামাল উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালী গ্রামের মোকতার আহমদের ছেলে। তিনি চিংড়িঘের ব্যবসায়ী ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মজুমদার।

স্থানীয়দের বরাতে শিফাতুল মজুমদার বলেন, সোমবার বিকেলে চিংড়িঘের থেকে ফিরছিলেন কামাল। পথে একই এলাকার সাহেদ মিস্ত্রীর ছেলে সোলাইমানের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় তার। একপর্যায়ে সোলাইমান কামালকে প্রথমে লাঠি দিয়ে এবং পরে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাত সাড়ে ৮টায় কামালের মৃত্যুর খবর চাউর হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত সোলাইমানের বাড়ি ঘেরাও করে সোলাইমান ও তার বাবা শাহানুরকে পুলিশের কাছে সোপর্দ করে। 

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মজুমদার বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।