logo

মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল কারবারিরা

মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল কারবারিরা
বাঁ থেকে ফারুক বিশ্বাস ও হযরত সরদার। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

সাতক্ষীরার তালা উপজেলায় মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার অভিযোগে এক গ্রাম পুলিশ সদস্যকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সোহেল শেখ (৩৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হাজরাকাটি বাজারের একটি চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদার সোহেল শেখকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাকে কাঠ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সোহেল শেখ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগীর দাবি, এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করা এবং মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ায় অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জেরেই তার ওপর হামলা চালানো হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, এর আগে তার নেতৃত্বে আটারই গ্রামের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিলনকে ইয়াবাসহ এবং হাজরাকাটি এলাকার মুস্তাইনকে ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। মাদকের বিরুদ্ধে এসব কার্যক্রমে সহযোগিতা করায় তিনি হামলা ও হুমকির শিকার হয়েছেন বলে দাবি তার।

এ ছাড়া হযরত সরদার দীর্ঘ সময় রাতে হাজরাকাটি বাজারে অবস্থান করে বিভিন্ন বিষয়ে নজরদারি করেন বলেও অভিযোগ করেছেন সোহেল শেখ।

এদিকে ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে তালা থানায় জিডি করেছেন সোহেল শেখ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেবেন।