logo

হেডফোন লাগিয়ে হাঁটছিল তরুণ, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

হেডফোন লাগিয়ে হাঁটছিল তরুণ, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মো. লিমন নামে এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের হালিরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন ওই এলাকার বাবু হোসেনের ছেলে। তাদের পরিবার দীর্ঘদিন ধরে রেলওয়ের জমিতে বসবাস করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে লিমন কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিলেন। এ সময় চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আসে। ট্রেনের হুইসেল দিলেও হেডফোন লাগানো থাকায় তিনি তা বুঝতে পারেননি। পরে ট্রেনের ধাক্কায় তার শরীর কয়েক খণ্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আক্কেলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।