logo
Advertisement

তিন দিন ধরে বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,রাজবাড়ী
তিন দিন ধরে বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আসা অনেক যাত্রী ফিরে যাচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে এসে ফিরে যেতে হচ্ছে অনেক যানবাহনকে। বিকল্প পথে চলাচল করতে গিয়ে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, বেড়েছে দুর্ভোগ।

গত রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির একটি দীর্ঘদিন ধরে বিকল। অন্য ফেরিটিও পদ্মার তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে নদী পার হতে পারছে না।

স্থানীয় দোকানদার আজমল মন্ডল বলেন, ‘এই ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগে নষ্ট হয়ে বন্ধ হয়ে আছে। যে ফেরিটি চলত, সেটিও তিন দিন ধরে বন্ধ। এখানে ভালো ফেরি নেই।’

স্থানীয় বাসিন্দা লতিফ শেখ বলেন, ‘এ ঘাটে মাঝেমধ্যেই ফেরি চলাচলে সমস্যা হয়। ফেরিগুলো অনেক পুরোনো ও নিম্নমানের। এখন পদ্মায় তীব্র স্রোত থাকায় তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।’

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আসা অনেক যানবাহন ফিরে যাচ্ছে। অন্যদিকে, বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এতে তাঁদের ভোগান্তি আরও বেড়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল ইসলাম বলেন, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরির চাহিদার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষ দেখছে।

বিষয় :