হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের একটি তালাবদ্ধ ঘর থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করা হয়।

Advertisement

কালেঙ্গা বন বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার ভোলারজুম গ্রামের চকিদার বাড়ির ইয়াকুত মিয়ার ঘরের একটি কক্ষে একটি মায়া হরিণ বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গেলে ইয়াকুত মিয়া নিজেই হরিণটি আটকে রাখার বিষয়টি স্বীকার করেন। পরে বনকর্মীরা হরিণটি উদ্ধার করে কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ের রেসকিউ সেন্টারে নিয়ে যান।

তিনি আরও জানান, বর্তমানে হরিণটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে সম্পূর্ণ সুস্থ হলে সেটিকে আবার প্রাকৃতিক আবাসস্থল রেমা-কালেঙ্গা বনে অবমুক্ত করা হবে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বন্যপ্রাণী শিকার, আটক বা অবৈধভাবে সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। হরিণটিকে আটকে রাখা মোটেই উচিত হয়নি।

তিনি বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের মধ্যে আরও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান এবং বন্যপ্রাণী দেখলে তা না ধরে বন বিভাগকে দ্রুত অবহিত করার পরামর্শ দেন।