Advertisement

ঝালকাঠির ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
ঝালকাঠির ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে চারটি দাখিল মাদ্রাসা ও দুটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠান ছয়টিতে মোট ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে দেখা গেছে, ঝালকাঠি সদর উপজেলার মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন, সাওরাকাঠি নাভা আদর্শ সেকেন্ডারি গার্লস স্কুল থেকে ৭ জন, কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৫ জন, ঝোড়খালী দারুলহুদা গফুরিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৪ জন এবং দত্তের পশারিবুনিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এ ছাড়া বানাই রাবেয়া বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেন ৬ জন। এই ছয় প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেননি।

অন্যদিকে, রাজাপুর উপজেলার এসজিএস সেকেন্ডারি স্কুলের ১২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করেছেন। নলছিটি উপজেলার পশ্চিম গোপালপুর হাইস্কুলের ১৪ জন পরীক্ষার্থীর মধ্যেও মাত্র একজন উত্তীর্ণ হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের কয়েকটিতে নিয়মিত পাঠদান হয় না। শিক্ষকরা বিদ্যালয়ে এসে কিছুক্ষণ অবস্থান করে আবার চলে যান। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক নয়। তাদের দাবি, এমপিওভুক্তির আশায় কোনো কোনো প্রতিষ্ঠান নামমাত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদ এশিয়া পোস্টকে বলেন, জেলার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এসব প্রতিষ্ঠানের কোনো কোনো ভবন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় অভিভাবকেরা সন্তানদের সেখানে পাঠাতে আগ্রহী হন না। ফলে শিক্ষার্থীদের উপস্থিতিও কম থাকে।

এসব প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার মান উন্নয়নে কী কী করা যায়, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বিষয় :