Advertisement

কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা, পরিদর্শকসহ আহত ৫

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা, পরিদর্শকসহ আহত ৫
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের মামলার তদন্ত করতে গিয়ে বিবাদীদের হামলায় পুলিশ পরিদর্শকসহ (তদন্ত) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল তিনটার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ আহমেদ স্কুল সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, কনস্টেবল আবু ইউসুফ এবং গাড়িচালক ইছাক শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯ থেকে ১০ জনকে আসামি করে চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন করেন ‘দারুল এহসান’ মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার। অভিযোগ পেয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল সরজমিনে তদন্তে যায়। তদন্ত শেষে দুপক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলে পুলিশ ফিরে আসছিল। এ সময় বাদী নুরুল আবসার পুলিশকে মুঠোফোনে জানান, বিবাদীরা আবারও মাদ্রাসায় ঢুকে ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা ধ্বংস করছে।

খবর পেয়ে পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাছে ভাঙচুরের কারণ জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের ওই পাঁচ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।