ইয়াবা না এনে বিস্কুট কিনে খাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, নিহত ১

ইয়াবা কিনতে দেওয়া টাকায় বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শুক্রবার (২৯ মে) গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের ছুটুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার সজীব মিয়া ইয়াবা কিনে আনতে এক যুবককে ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক মাদক না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হন সজীব। শুরু হয় বাগবিতণ্ডা, পরে হাতাহাতি। এ সময় এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় কয়েকজন যুবক ঘটনার কারণ জানতে এগিয়ে আসেন। তারা মাদক কেনাবেচার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সজীবের পক্ষ নিয়ে শাহীন ও রতন মিয়া নামের দুই যুবকও বিরোধে জড়িয়ে পড়েন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ার এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া আর টর্চলাইটের ঝলকে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কিশোর রায়হান। পরে স্বজনরা তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে এবং কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে রায়হান নামে এক কিশোর নিহত হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৫১৫এক যুবককে