নিয়োগ বাতিল করে ২৫ আইনজীবীকে নতুন করে পদায়ন
-371472-720x405.webp)
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতসহ জেলার বিভিন্ন আদালতে জিপি, পিপি, এডিশনাল পিপি, এজিপি ও এপিপি পদে পূর্বের সব নিয়োগ বাতিল করে ২৫ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে সাকিনা খলম লিজাকে দুটি পদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ও দায়রা জজ আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদে অ্যাডভোকেট মাহাবুব আলম কবির এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে অ্যাডভোকেট মাহেব হোসেনকে পুনর্বহাল, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে মো. আককাস সিকদার এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি পদে মো. ফয়সাল খানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) পদে ৫ জন নিয়োগ পেয়েছেন। তারা হলেন—মো. হুমায়ুন কবীর বাবুল, মো. সোহেল আকন, খান শহিদুল ইসলাম, মোবাশ্বের আলী ভূইয়া ও মুন্সি রেজাউল হক আজিম।
সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) পদে ৬ জন এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে ১১ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আইনজীবী সাকিনা আলম লিজা দুটি পদে (এজিপি ও এপিপি) দায়িত্ব পেয়েছেন।
এজিপি পদে নিয়োগপ্রাপ্ত অন্যরা হলেন—এ কে হানিফ, মু. আহসান খান, মো. শাহআলম মল্লিক, জহিরুল হক খোকন ও মোর্শেদা বেগম। এপিপি পদে নিয়োগ পেয়েছেন—মো. নুর হোসেন, আনিসুর রহমান খান, এস এম জসিম উদ্দিন, বাহাউদ্দিন হাসান অলি, শামীম আকন, মিজানুর রহমান মুবিন, শাখাওয়াত হোসেন রাজু, মুশফিকুর রহমান বাবু, ফিরোজ হোসাইন ও উম্মে সালমা।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতসহ অধীনস্থ অন্যান্য আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ও বিশেষ ট্রাইব্যুনালগুলোতে সরকারের পক্ষে আইনি কার্যক্রম ও মামলা পরিচালনা করবেন।



