হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সোমবার (১৩ জুলাই) সকালে কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটে বর্তমানে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ২ নম্বর ইউনিটে ৪৬ এবং ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট করে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

তিনি আরও বলেন, হ্রদের পানি কমে আসায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে উৎপাদন সর্বশেষ ৯৬ মেগাওয়াটে নেমে এসেছিল। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং হ্রদের পানি আরও বাড়লে কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পাবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, পরিমাপক বিধি অনুযায়ী হ্রদে এ সময়ে পানি থাকার কথা ৯৫ দশমিক ৯২ ফুট গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা (এমএসএল)। তবে বর্তমানে পানি রয়েছে ১০০ দশমিক ৬০ ফুট গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বর্তমানে উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

বিষয় :রাঙামাটি