logo
Advertisement

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

সিলেট, সিলেট
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
সিলেট স্বাস্থ্য বিভাগের কার্যালয়। ছবি: স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট থেকে নেওয়া

সিলেটে হামে উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহত তিন শিশুর দুইজনের বাড়ি সুনামগঞ্জে, একজনের বাড়ি মৌলভীবাজার জেলায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, কোম্পানীগঞ্জে চারজন, ধর্মপাশায় একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১৯২ জন রোগী ভর্তি রয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ১৫৪ জন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগের অন্যান্য হাসপাতালেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন রোগী ভর্তি আছেন। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে তিনজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৬৮। এর মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ১৫৮ জনের মৃত্যু সন্দেহজনক হামে।