logo

স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাতে শহরের হাড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার যুবক সদর উপজেলার বাসিন্দা। তিনি জয়পুরহাট শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। 

মামলার বিবরণে জানা গেছে, গ্রেপ্তার যুবক ভুক্তভোগীর ছোট বোনের স্বামী। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বাসাভাড়া পরিশোধ করতে না পারার কথা বলে তিনি ওই নারীর কাছে ১০ হাজার টাকা ধার চান। পরে ভুক্তভোগী নারী স্বামীর কাছ থেকে টাকা নিয়ে অভিযুক্ত যুবকের বাসায় গেলে তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় তিনি মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্ত যুবক ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা, হাতের বালা ও নাকের ফুল ছিনিয়ে নেন এবং বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী বুধবার জয়পুরহাট সদর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হাড়াইল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।