বাগেরহাটে হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে বডি সোহেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার (২০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল খুলনা সদর থানার চাঁনমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ মার্চ পূর্বশত্রুতার জের ধরে সোহেলসহ মামলার অন্য আসামিরা মোটরসাইকেলে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে ঢুকে আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেছা বাদী হয়ে চিতলমারী থানায় সোহেলসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সোহেল আত্মগোপনে ছিলেন।
র্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।






