পাম্পে তেল কিনতে গিয়ে কর্মীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে এসে বাগবিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে নিরব আহমেদ নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।
স্থানীয় ব্যক্তিরা জানান, শনিবার রাতে বোতলে তেল নিতে আসেন যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। যুবক নিরব হোসেন কিছুক্ষণ পর আবারও তাজ ফিলিং স্টেশনে আসেন। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করেন ওই যুবক। এ সময় পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে র্যাব।
এদিকে পাম্পের কর্মীদের হামলায় যুবক নিহতের খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়।
নিহত নিরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই সাধাসিধে মানুষ। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা-কাটাকাটি হয়। কিন্তু পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমি তাকে হত্যার বিচার চাই।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, নিরব নামে এক যুবক পাম্পে তেল নিতে আসেন। এ সময় পাম্পের কর্মীরা বাগবিতণ্ডার জেরে ওই যুবককে পিটিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।