৫ ঘণ্টা পর সান্তাহারে ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সান্তাহার জংশনে আটকে থাকা রাজশাহী থেকে পার্বতীপুরগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার খাদিজা খানম বলেন, রাত সাড়ে নয়টার দিকে লাইনচ্যুত লাগেজ ভ্যানটি রেখে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন সান্তাহারে এসে পৌঁছালে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়।
তিনি আরও বলেন, লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর রাত পৌনে ১২টার দিকে রেললাইনটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সান্তাহারে আটকে থাকা বরেন্দ্র এক্সপ্রেস ছেড়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আজ সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালে ট্রেনটির পেছনের দিকে থাকা একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে দিনাজপুর, নীলফামারী ও যশোর-পার্বতীপুর রুটের ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে।
লাইনচ্যুতির ঘটনায় সান্তাহার জংশন এলাকায় আটকা পড়ে রাজশাহী থেকে পার্বতীপুরগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস। অপরদিকে রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা।


