ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

পুলিশি ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বুধবার (২৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাকবিতণ্ডা শেষে তারা রওনা হন। হবিগঞ্জে পৌঁছে তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এর আগে আজ বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।
ঐ গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ব্যারিকেডের সামনে বাকবিতণ্ডার সময় পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, নিরাপত্তার জন্য থ্রেট (হুমকি) কারা? নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদের না ধরে আমাদের রাস্তা আটকাচ্ছেন? আপনি হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছেন, আর শ্রীমঙ্গলে রাস্তা আটকাচ্ছেন? আপনি বেআইনি কাজ করছেন। তাহলে আপনি আবার কথা বলছেন কেন? আপনি তো আইনের লোক, তাই না? বলেন, কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন?
তখন এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, তাদের সীমানা পার হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এর জবাবে হাসনাত বলেন, ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে। আপনি পারলে সিকিউরিটি দেবেন, আর না পারলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে চলে যাব।
এনসিপি নেতাদের অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশে যাত্রাকালে পুলিশ তাদের সামনে এগোতে নিরুৎসাহিত করে। তখন নেতাকর্মীদের গাড়িবহর চা-কন্যা ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।
ব্যারিকেডের সামনে সারজিস আলমকে বলতে শোনা যায়, বিএনপি সরকার, তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগের মতো ব্যবহার করছে। ১৪৪ ধারার ধারেকাছেও যাইনি, অথচ আমাদের আটকে দিয়েছে।
.png)





