logo

আমার আশা-ভরসা ছেড়ে দিও, মাকে ফোনে বলেছিলেন শিক্ষা কর্মকর্তা

আমার আশা-ভরসা ছেড়ে দিও, মাকে ফোনে বলেছিলেন শিক্ষা কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় এক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে ভাঙ্গার কোর্টপাড় এলাকার মাতৃকুঞ্জ নামের একটি বহুতল ভবনের চারতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শেখ রাজু ইসলাম (৩৮) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী হ্যাপি আক্তার ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

নিহতের স্ত্রী বলেন, শনিবার সকালে আমি স্কুলে যাওয়ার সময় আমার স্বামী জানায় তার শরীর ভালো লাগছে না। সে বলে আমি যদি মারা যায়, আমাকে ভাঙ্গা কবরস্থানে দাফন কইরো।

নিহতের মা রাশিদা বেগম বলেন, দুপুরে আমার ছেলে ফোন করে বলে মা আমার আশা ভরসা তোমরা ছেড়ে দিও। আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ইকরাম আলী শিকদার জানান, তাদের দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা ছিল। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল।

নিহতের ভাই শেখ রাজ্জাক জানান, আমরা জমজ আপন দুই ভাই। সকালে মায়ের ফোন পেয়ে দ্রুত ভাঙ্গার বাসায় এসে দেখি ভাইয়ের লাশের পাশেই ভাবি বসে আছে। আমার দুই ভাতিজা পাশের রুমে বসে আছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।