ঝিনাইদহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার জলিলপুর গ্রামের ‘জলিলপুর পাঁচমাথা-ভৈরবা’ সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মহিদুল মল্লিক মহেশপুর উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পথচারী মহিদুল মল্লিকের হাতে থাকা একটি গোলাপি রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
.png)





