logo

চট্টগ্রাম/অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই শিবলু শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই শিবলু শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার
গ্রেপ্তার শিবলু। ছবি : এশিয়া পোস্ট

অস্ত্র হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মো. শিবলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিবলু হেটিখাইন গ্রামের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এলাকায় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় তিনি একটি কিশোর গ্যাং গড়ে তোলেন বলেও জানা গেছে।

শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সখ্য রেখে চলতেন। তার বিরুদ্ধে হামলা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ষোলশহরে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনাতেও তিনি জড়িত ছিলেন। ওই ঘটনায় ৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি শিবলু।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, আজ ভোরে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারির ঘটনায় আরও দুটি মামলা রয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।