Advertisement

রোগবালাই বেশি হওয়ায় এলাকার নাম ‘বালাকান্দি’

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
রোগবালাই বেশি হওয়ায় এলাকার নাম ‘বালাকান্দি’
বালাকান্দি গ্রামের মেঠো পথ। ছবি: এশিয়া পোস্ট

একটি গ্রামের নাম শুধু পরিচয়ের জন্য নয়, অনেক সময় সেটি বহন করে শত বছরের ইতিহাস, লোককথা ও জনজীবনের স্মৃতি। মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের মধ্যবর্তী গ্রাম বালাকান্দি তেমনই একটি জনপদ। স্থানীয় প্রবীণদের মুখে মুখে প্রচলিত ইতিহাসের কথায়, একসময় ভয়াবহ রোগবালাইয়ের কারণে বিপর্যস্ত ছিল পুরো এলাকা। সেই সময়ের স্মৃতিকে ধারণ করেই গ্রামের নাম রাখা হয় ‘বালাকান্দি’।

মঙ্গলবার (২৭ জুলাই) সরেজমিনে গিয়ে স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায় এই নামের রহস্য।

কেন এমন নাম

আজকের শান্ত, সবুজ আর পরিচ্ছন্ন বালাকান্দিকে দেখে অতীতের সেই দুর্বিষহ সময় কল্পনা করা কঠিন। অথচ কয়েক প্রজন্ম আগে এই গ্রামে জ্বর, আমাশয়, পেটের নানা রোগসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি প্রায় নিয়মিত আকারে ছড়িয়ে পড়ত। চিকিৎসাসেবার সীমাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট ও স্বাস্থ্যসচেতনতার অভাবে অনেক পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল বলে জানান প্রবীণরা।

স্থানীয় বাসিন্দা যতিন বালা (৭৮) বলেন, আমাদের ছোটবেলায় বড়দের কাছ থেকে শুনেছি, এলাকার মানুষ প্রায়ই বিভিন্ন রোগে আক্রান্ত হতো। তখন তেমন চিকিৎসা ছিল না। সেই কারণেই বাপ-দাদারা গ্রামের নাম বালাকান্দি রাখেন। এখন সময় বদলেছে, কিন্তু নামটি সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয়।

বালাকান্দি গ্রামের ফসলী মাঠ। ছবি: এশিয়া পোস্ট
বালাকান্দি গ্রামের ফসলী মাঠ। ছবি: এশিয়া পোস্ট

গ্রামের আলিনগর ইউনিয়নের সমাজসেবী শাহিন মোল্লা বলেন, গ্রামের নাম শুধু একটি শব্দ নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। বালাকান্দির নামের পেছনের ইতিহাস সংরক্ষণ করা দরকার। কারণ, এটি আমাদের পূর্বপুরুষদের জীবনসংগ্রামের একটি নীরব দলিল।

গৃহিণী রিতা রানি মন্ডল বলেন, এখন গ্রামে আগের মতো রোগবালাই নেই। মানুষ সচেতন হয়েছে, চিকিৎসার সুযোগও বেড়েছে। কিন্তু গ্রামের নামের সঙ্গে যে ইতিহাস জড়িয়ে আছে, সেটি নতুন প্রজন্মকে জানিয়ে রাখার জন্যই গ্রামের এমন নাম।

স্থানীয় শিক্ষাবিদ অসিম মন্ডল জানান, এ ধরনের নামকরণের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। এতে তারা নিজেদের শিকড় সম্পর্কে জানতে পারবে।

স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান উন্নয়নের ফলে বর্তমানে বালাকান্দিতে আগের মতো রোগের প্রকোপ নেই। বিশুদ্ধ পানির ব্যবহার, স্বাস্থ্যসচেতনতা, টিকাদান কর্মসূচি এবং চিকিৎসাসেবার প্রসারের কারণে মানুষের জীবনযাত্রায় এসেছে ইতিবাচক পরিবর্তন। তবে গ্রামের নামটি এখনও অতীতের সেই কঠিন সময়ের সাক্ষী হয়ে টিকে আছে।

বালাকান্দি গ্রামবাসী। ছবি: এশিয়া পোস্ট
বালাকান্দি গ্রামবাসী। ছবি: এশিয়া পোস্ট

আলিনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নান্নু মোল্লা এশিয়া পোস্টকে জানান, মূলত রোগ বালাই বেশি হওয়ায় এলাকার নাম এরকম রাখা হয়েছিল। আমি আমার পূর্বপুরুষের কাছে শুনেছি একসময় এলাকার নাম ছিল সস্তাল, পরে এই এলাকার নাম রাখা হয়েছে বালাকান্দি। একটি একটি জনবহুল এলাকা, আমরা চাই এলাকায় একটু সরকার নজর এবং উন্নয়ন হোক।

ইতিহাস, লোকবিশ্বাস ও জনজীবনের বাস্তবতার অনন্য মেলবন্ধন বালাকান্দিকে দিয়েছে আলাদা পরিচয়। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও গ্রামের নামের সঙ্গে জড়িয়ে থাকা সেই স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন এখানকার মানুষ। একটি নাম যে কখনও কখনও পুরো একটি জনপদের ইতিহাস হয়ে উঠতে পারে তারই অনন্য উদাহরণ মাদারীপুরের বালাকান্দি।