সাতক্ষীরা সীমান্তে নজরদারিতে থার্মাল ড্রোন ও সার্চলাইট

অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন ও সার্চলাইট।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন করে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় দিন-রাত মোবাইল টহল পরিচালনা করা হচ্ছে, যাতে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ ঠেকানো যায়।
এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে টহল পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এবং ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।


