৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: গোলাম পরওয়ার

গত ৬ মাসে বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পথসভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৬ মাসে এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ক্ষমতায় আসার পর জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই তারা রক্ষা করতে পারেনি। মানুষের ঘরে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, জ্বালানি তেল নেই। কর্মসংস্থানের অভাবে মানুষ আজ দিশেহারা। সার্বিক ব্যর্থতার কারণে সরকারের ওপর জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হয়ে পড়েছে।
লংমার্চে জনসম্পৃক্ততার চিত্র তুলে ধরে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, সকাল সাতটায় মতিঝিলের শাপলা চত্বর থেকে আমাদের লংমার্চ শুরু হয়েছে। যাত্রাপথের প্রতিটি মোড়ে জনস্রোত ও মানুষের অভূতপূর্ব সাড়া আমরা প্রত্যক্ষ করেছি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে গাড়ি থামিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, করমর্দন করছেন এবং তাঁদের নিত্যদিনের জমানো ক্ষোভের কথা প্রকাশ করছেন।
তিনি আরও বলেন, গণদুর্ভোগ নিরসনে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে না পারায় দিন দিন অসন্তোষ তীব্র হচ্ছে। অবিলম্বে জনদাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন। লংমার্চকে কেন্দ্র করে পদুয়ার বাজার বিশ্বরোড ও এর আশপাশের মহাসড়ক এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের বড় ধরনের রাজনৈতিক জমায়াত তৈরি হয়।



