খুলনায় বিএনপির সন্ত্রাসবিরোধী মঞ্চের পাশে ককটেল বিস্ফোরণ

খুলনা নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ের জিয়া হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সন্ত্রাসবিরোধী মঞ্চের পাশে এ বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। এতে কেউ হতাহত না হলেও বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জিয়া হলের সামনে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী মঞ্চে অবস্থান করছিলেন। এ সময় মঞ্চের বিপরীত পাশে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর শিববাড়ি মোড়ে ঘটনাস্থলে বিএনপির নেতাকর্মীদের ভিড় জমে। সেখানে আগে থেকেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জিয়া হলের সামনে প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা পাহারা দেন।
সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রাহুল চিশতি বলেন, তারা দলীয় নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
খুলনা মহানগর বিএনপির নেতা আমিনুল ইসলাম এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেন, দেশে অরাজকতা সৃষ্টি এবং মানুষের জানমালের ক্ষতি করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে আতশবাজি জাতীয় কিছু একটা ফোটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
