মাগুরায় অনলাইন জুয়া চক্রের ডিলার আটক

এশিয়া পোস্ট নিউজ, মাগুরা
মাগুরায় অনলাইন জুয়া চক্রের ডিলার আটক
জুয়া চক্রের ডিলার আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

মাগুরায় আমিনুল ইসলাম নামে অনলাইন জুয়া চক্রের এক ডিলারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) শহরের ভিটাসাইর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তার ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন সার্ভার ব্যবহার করে জুয়ার সাইট পরিচালনার তথ্য পাওয়া গেছে।

পুলিশের দাবি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে তার প্রায় পাঁচ লাখ ৯৫ হাজার ৫৫৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া দেশে ও বিদেশে ভিপিএন ও প্রক্সি সার্ভার ব্যবহার করে বিভিন্ন সময়ে প্রায় তিন কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।

পুলিশ আরও জানায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার ডিলার হিসেবে কাজ করে আসছিলেন। তিনি বিভিন্ন যুবককে অনলাইন জুয়ার প্রতি প্রলুব্ধ করতেন বলেও অভিযোগ রয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মাহমুদ বলেন, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মাগুরা সদর থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :মাগুরা