সিলেট চেম্বারের তপশিল বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনের তপশিল বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এসসিসিআইর সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) এসসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর পৃথক দুটি আদেশের মাধ্যমে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি, ভোটার তালিকা হালনাগাদ এবং নতুন নির্বাচনি তপশিল প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ১৭ আগস্ট চেম্বারের তৎকালীন প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তপশিল ঘোষণা করেন। সে অনুযায়ী আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ অনুযায়ী দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং ২৪ জন পরিচালকসহ মোট ২৭ জন সদস্য নির্বাচিত হন।
প্রায় দুই বছর ধরে সিলেট চেম্বারে নির্বাচিত পরিচালনা পর্ষদ নেই। গত বছরের ১ নভেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে তা স্থগিত হয়। পরে নতুন করে তপশিল ঘোষণা করা হলেও দেড় মাসের মাথায় সেটিও বাতিল করা হলো।
এদিকে, রাজনৈতিক প্রশাসক বসানোর বিষয়টি অবশ্য আগে থেকেই আলোচনায় ছিল। এই নিয়ে ব্যবসায়ী নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলে এই বিষয়ে গত ২৭ জুলাই এশিয়া পোস্টে সংবাদ প্রকাশিত হয়। যেখানে প্রশাসক হওয়ার সম্ভাব্য তালিকায় এজাজ আহমদ চৌধুরীর নামও ছিল।

